ফায়ার সার্ভিসের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ। সোমবার (১২ অক্টোবর) বিদায়ী মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। মহাপরিচালক হিসেবে ২ বছর ১০ দিন দায়িত্ব পালন শেষে ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করেছেন।

সকাল ৯টায় নবনিযুক্ত মহাপরিচালককে সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের জলসিঁড়ি ফায়ার স্টেশনে গাছের চারা রোপণ করেন বিদায়ী মহাপরিচালক। এ সময় অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর সকাল ১১টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরে ‘মহাপরিচালকের বিদায়ী দরবার’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদায়ী মহাপরিচালক ও নবনিযুক্ত মহাপরিচালক, অধিদফতরের পরিচালকরা, প্রকল্প পরিচালক, কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষ এবং অধিদফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সরাসরি উপস্থিত ছিলেন। এ ছাড়া দেশের বিভিন্ন বিভাগ ও জেলা থেকে বিভাগীয় উপপরিচালক ও সহকারী পরিচালকগণসহ বিভিন্ন পদের কর্মকর্তা-কর্মচারীগণ অনলাইনে অনুষ্ঠানে যুক্ত হন। 

দুপুর ১২টায় অধিদফতরের সম্মেলন কক্ষে ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদায়ী মহাপরিচালকের কর্মজীবন থেকে স্মৃতিচারণা করে কর্মকর্তাগণ বক্তব্য দেন। বিদায়ী মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল তার বক্তব্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে দায়িত্ব পালনকালের বিভিন্ন অভিজ্ঞতা ও স্মৃতি তুলে ধরেন। তিনি এ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, নিষ্ঠা ও সহযোগিতার কথা স্মরণ করেন এবং দায়িত্ব পালনকালে তাঁদের কাছ থেকে পাওয়া সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে বিদায়ী মহাপরিচালক তার দফতরে নবনিযুক্ত মহাপরিচালকের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেন। দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর তিনি অধিদপ্তরের পরিদর্শন বইতে সই করেন এবং সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতর ত্যাগ করেন।

দায়িত্ব গ্রহণের পর বিকাল ৪টায় নবনিযুক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ, এসইউপি কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন। জনগণের জানমালের সুরক্ষা, অগ্নিনিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্ঘটনা ও দুর্যোগে দ্রুত সাড়া প্রদান এবং উদ্ধার কার্যক্রমে পেশাগত দক্ষতা ও সমন্বয় বৃদ্ধির বিষয়ে তার প্রত্যাশা তুলে ধরেন। এ সময় তিনি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় জনসেবার মান আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক হিসেবে নিয়োগ এবং ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন-সংক্রান্ত আদেশ জারি করা হয়।