বছরের একটি মাস হাড়ক্ষয় সচেতনতার জন্য নির্ধারণের প্রস্তাব ডা. জুবাইদার

প্রধানমন্ত্রীর স্ত্রী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান বলেছেন, ‘অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয় রোগের ঝুঁকি কমাতে দেশজুড়ে সচেতনতা কার্যক্রম জোরদার করা জরুরি।’ তিনি মনে করেন সমন্বিত উদ্যোগ, শুরুতেই শনাক্ত করা ও সচেতনতা বাড়ানো গেলে হাড়ক্ষয়জনিত জটিলতা কমানো সম্ভব। এ সময় বছরের একটি মাস হাড়ক্ষয় সচেতনতার জন্য নির্ধারণের প্রস্তাবও দেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে সুপার স্পেশালাইজড হাসপাতালে বিশ্ব হাড়ক্ষয় দিবসের অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। 

‘অস্টিওপোরোসিস: প্রতিরোধযোগ্য মহামারি’ শীর্ষক এ সেমিনারের আয়োজন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

ডা. জুবাইদা বলেন, ‘ক্যানসারে আক্রান্ত প্রায় ৬০ ভাগের অস্টিওপোরোসিস হয়। মূলত কেমোথেরাপি দেওয়ার জন্য এমনটি হয়।’ 

তিনি বলেন, ‘বিশেষজ্ঞদের মতে ভিটামিন ডি ও ক্যালসিয়ামের ঘাটতির কারণে এই রোগ হয়। তাই শিশুদের পুষ্টি নিশ্চিতেে পাশাপাশি জেলা ও বিশেষায়িত হাসপাতালগুলোতে চিকিৎসকদের প্রশিক্ষণ এবং নিয়মিত হাড়ের ঘনত্ব পরীক্ষার ব্যবস্থা করতে হবে।’ এছাড়া কোথাও হাড়ের ঘনত্ব পরীক্ষার সুযোগ না থাকলে ফ্র্যাকচার রিস্ক অ্যাসেসমেন্ট টুলের মাধ্যমে হাড়ক্ষয়ের ঝুঁকি নির্ধারণের ওপর গুরুত্ব দেন তিনি। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ। বিশেষ অতিথি ছিলেন  স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ আবদুল মুহিত এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। 

অস্টিওপোরোসিস দিবস উদযাপন উপ-কমিটির আহ্বায়ক ছিলেন অধ্যাপক ডা. শেখ ফরহাদ এবং আয়োজক কমিটির সদস্যসচিব অধ্যাপক ডা. মো. সিরাজুস সালেহীন। 

সেমিনারে বিশেষজ্ঞদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব, প্যানেল আলোচনা ও কুইজ অনুষ্ঠিত হয়। প্যানেল আলোচনায় অংশ নেন অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী, অধ্যাপক ডা. ফারুক।