সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মেদের মরদেহ আগামী শুক্রবার (২৩ অক্টোবর) দেশে পৌঁছাবে। ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে ওইদিন সকাল ৮টা ৩৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ পৌঁছানোর কথা রয়েছে।
রিয়াদে বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বৃহস্পতিবার (২২ অক্টোবর) রিয়াদ সময় রাত ১১টা ১০ মিনিটে ইউএস-বাংলার ফ্লাইট বিএস-৩৬২ জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবে। পরদিন শুক্রবার সকাল ৮টা ৩৫ মিনিটে ফ্লাইটটি ঢাকায় পৌঁছাবে।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর বি রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত হন শাহেদ। তার বাবার নাম মো. রফিকুল ইসলাম। তার বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামে।
শাহেদ সৌদি আরবের সা’দ আল ঈসা কন্ট্রাক্টিং কোম্পানির জেদ্দা প্রকল্পে কর্মরত ছিলেন। এক মাসের ছুটি কাটিয়ে স্ত্রী ও দুই সন্তানকে রেখে গত ৯ অক্টোবর কাজে যোগ দিতে সৌদি আরবে ফিরে গিয়েছিলেন তিনি। বিমানবন্দরে ট্রানজিটের অপেক্ষায় থাকার সময় হামলায় প্রাণ হারান ৩৬ বছর বয়সী এই প্রবাসী কর্মী।
ওই হামলায় শাহেদসহ দুই বাংলাদেশি নিহত এবং অন্তত ২৭ জন আহত হন। নিহত ও আহতদের প্রায় সবাই বিমানবন্দরে ট্রানজিটের অপেক্ষায় ছিলেন। তাদের কেউ দেশে ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছিলেন, কেউ যাচ্ছিলেন পবিত্র ওমরাহ পালনে।
এদিকে, শাহেদের বকেয়া বেতন-ভাতা ও সার্ভিস বেনিফিট বাবদ ২৭ হাজার ৩৯৫ দশমিক ৬২ সৌদি রিয়াল রিয়াদে বাংলাদেশ দূতাবাসের হিসাবে জমা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৯ লাখ টাকা। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে অতি শিগগিরই এ অর্থ শাহেদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।