অনলাইনে ভুয়া তালিকা ও ফিশিং প্রতারণার ঝুঁকি মোকাবিলায় বুকিং ডটকমকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। পাশাপাশি, সার্চের ফলাফলে অর্থের বিনিময়ে যেসব তালিকাকে ওপরে দেখানো হয়, সেগুলো স্পষ্টভাবে চিহ্নিত করার কথাও বলা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) ইউরোপীয় কমিশনের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এসব কথা জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, ইইউর ডিজিটাল আইন অনুযায়ী, বুকিং ডটকমকে ভুয়া তালিকা ও ফিশিং প্রতারণার সঙ্গে সংশ্লিষ্ট ঝুঁকিগুলো যথাযথভাবে মূল্যায়ন করতে হবে এবং সেগুলো মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে, সার্চের ফলাফলে অর্থের বিনিময়ে অগ্রাধিকার পাওয়া তালিকাগুলো এমনভাবে চিহ্নিত করতে হবে, যাতে ব্যবহারকারীরা সহজেই তা বুঝতে পারেন।
ইউরোপীয় কমিশন বলেছে, ছুটি কাটানোর পরিকল্পনা হওয়া উচিত আনন্দের, ঝুঁকির নয়। অনলাইন প্ল্যাটফর্মগুলো ব্যবহারকারীদের নিরাপত্তাকে গুরুত্ব দিচ্ছে—এমন আস্থা নিয়ে ইউরোপের মানুষ যেন বুকিং দিতে পারেন, তা নিশ্চিত করতে চায় কমিশন।
বার্তায় আরও বলা হয়, অনলাইন প্ল্যাটফর্মগুলো যাতে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে, তা নিশ্চিত করা হবে।