চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে বাংলাদেশিদের যুদ্ধক্ষেত্রে মৃত্যু ও নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। একইসঙ্গে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা, নিখোঁজদের সন্ধান, ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ এবং বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সংগঠনটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলামের সই করা এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়।
বিবৃতিতে গণমাধ্যমে প্রকাশিত তথ্যের বরাতে বলা হয়, গত তিন বছরে রাশিয়ার যুদ্ধে অন্তত ৫৪ জন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। সম্প্রতি চাকরির প্রতিশ্রুতি দিয়ে রাশিয়ায় নেওয়া ৩০ জন বাংলাদেশির মধ্যে অন্তত ২০ জনের মৃত্যুর খবরও প্রকাশিত হয়েছে। তবে নিহত ও নিখোঁজ ব্যক্তিদের প্রকৃত সংখ্যা, তাদের বর্তমান অবস্থা এবং নিয়োগপ্রক্রিয়ায় প্রতারণার অভিযোগ নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন।
এইচআরএসএস বলেছে, বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণার মাধ্যমে বাংলাদেশিদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়ে থাকলে তা গুরুতর মানবাধিকার লঙ্ঘন। একইসঙ্গে এ ধরনের ঘটনা দেশের নিরাপদ অভিবাসন ব্যবস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তৈরি করেছে।
সংগঠনটির মতে, বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জীবন ও নিরাপত্তা রক্ষায় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। রাশিয়ায় বাংলাদেশিদের মৃত্যু ও নিখোঁজের ঘটনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো কী ধরনের পদক্ষেপ নিয়েছে এবং দায়িত্ব পালনে কোনও ঘাটতি ছিল কি না, তা জনসমক্ষে স্পষ্ট করতে হবে।
বিবৃতিতে চার দফা দাবি জানিয়েছে এইচআরএসএস। দাবিগুলোর মধ্যে রয়েছে, নিহত ও নিখোঁজ বাংলাদেশিদের বিষয়ে নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিরপেক্ষ তদন্ত, নিয়োগকারী প্রতিষ্ঠান ও দালালদের দায় নির্ধারণ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর জবাবদিহি নিশ্চিত করা। তদন্তে অবহেলা বা দায়িত্ব পালনে ব্যর্থতার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছে সংগঠনটি।
এ ছাড়া নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং নিখোঁজদের সন্ধান ও উদ্ধারে জরুরি কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। মৃত্যুর নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ সংগ্রহ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আনুষ্ঠানিকভাবে অবহিত করার দাবিও জানিয়েছে এইচআরএসএস।
সংগঠনটি বলেছে, নিহতদের পরিবারকে প্রাপ্য ক্ষতিপূরণ, বিমার অর্থ, আর্থিক সহায়তা ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে। পাশাপাশি মানবপাচার, অবৈধ নিয়োগ ও প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে। বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে কঠোর নজরদারি, ঝুঁকি যাচাই এবং কার্যকর জবাবদিহি প্রতিষ্ঠার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বিবৃতিতে বলেন, প্রবাসীদের জীবন ও নিরাপত্তা রক্ষায় রাষ্ট্রের দায়িত্ব এড়ানোর সুযোগ নেই। নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা, নিখোঁজদের সন্ধান, ক্ষতিগ্রস্ত পরিবারের অধিকার নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ দায়ীদের জবাবদিহির আওতায় আনতে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।