বাংলাদেশে প্রথমবারের মতো ফরাসি ও বাংলা অপেরার যুগল পরিবেশনা

বাংলাদেশে প্রথমবারের মতো ফরাসি ও বাংলা অপেরার যুগল পরিবেশনার আয়োজন করতে যাচ্ছে ‘দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেড’। সংগঠনটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১১ থেকে ২১ নভেম্বর ১১ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবের সমাপনী দিনে ২১ নভেম্বর ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড বলরুমে এ পরিবেশনা অনুষ্ঠিত হবে।

সোমবার (২৬ অক্টোবর) হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার পার্ল হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সমাপনী অনুষ্ঠানে ফরাসি অপেরা শিল্পী ভেরোনিক পেইন ও ফরাসি পিয়ানোবাদক ফ্যাব্রিস মেইত্রে সরাসরি পরিবেশনায় অংশ নেবেন। ঢাকাস্থ ফরাসি দূতাবাস ও ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেঁরে-শার্লের বিশেষ কূটনৈতিক পৃষ্ঠপোষকতায় আয়োজনটি অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রথম বর্ষপূর্তি উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এ এইচ এম মুস্তাফিজুর রহমান। তিনি জানান, দেশের সম্ভাবনাময় তরুণ শিল্পীদের জন্য নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্য নিয়ে দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেডের যাত্রা শুরু হয়। ২০২৫ সালে সংগঠনটি প্রাতিষ্ঠানিক নিবন্ধন পায়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি নিয়মিত আয়োজন ‘শুক্রবার সংগীত সন্ধ্যা’র ২০০টিরও বেশি পর্ব সম্পন্ন করেছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনটি বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি। এর মধ্যে রয়েছে ২০ থেকে ৩৫ বছর বয়সী উদীয়মান শিল্পীদের নিয়ে দেশব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতা ‘আতেলিয়ে অ্যাওয়ার্ড: ইয়াং পেইন্টার্স অব টুমরো’, ১০ দিনব্যাপী লোকজ ও নৃগোষ্ঠীর সংগীত উৎসব এবং ফরাসি ও বাংলা অপেরার যুগল পরিবেশনা।

হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার সহযোগিতায় ১১ থেকে ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে লোকজ ও নৃগোষ্ঠীর সংগীত উৎসব। এতে বাউল, ভাটিয়ালি, ভাওয়াইয়া, গম্ভীরা, লালন, হাসন রাজা, মণিপুরী, চাকমা, মারমা, সাঁওতাল ও হাজংসহ বিভিন্ন ঐতিহ্যের সংগীত পরিবেশিত হবে।

সংবাদ সম্মেলনে ঢাকাস্থ ফরাসি দূতাবাসের সাংস্কৃতিক অ্যাটাশে ব্যাপ্টিস্ট লেব্রে বাংলাদেশে ফরাসি অপেরার এ আয়োজন বাস্তবায়নে দূতাবাসের সমর্থনের কথা জানান। তিনি বাংলাদেশ ও ফ্রান্সের দ্বিপক্ষীয় সাংস্কৃতিক সম্পর্ক জোরদার এবং আন্তর্জাতিক পর্যায়ে শিল্প বিনিময়ে ফরাসি সরকারের সমর্থন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সংগঠনটির সভাপতি ও সংগীতশিল্পী সুজিত মোস্তফা আয়োজনটি সফল করতে সহযোগিতার জন্য ফরাসি দূতাবাস, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা এবং সহ-আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল ফাউন্ডেশনের (ডিইউসিএফ) প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তরুণ শিল্পীদের বিকাশ ও আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময় বাড়াতে করপোরেট প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক পৃষ্ঠপোষকদের এগিয়ে আসার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে ঢাকাস্থ ফরাসি দূতাবাসের মিশন উপপ্রধান ফ্রেডরিক ইনজা, ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল ফাউন্ডেশনের প্রতিনিধি সংগীতশিল্পী মাহফুজার রহমান এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ফুড অ্যান্ড বেভারেজ পরিচালক অলিভিয়ের লোরো উপস্থিত ছিলেন।