বনানীতে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ ফিলিপাইনি নারী মারা গেছেন

রাজধানীর বনানীতে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ ফিলিপাইনি নারী কেইস্টিন ভার বুনাগের (৩২) মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

তার শরীরের ৬৩ শতাংশ পুড়ে গিয়েছিল। এ ছাড়া ধোঁয়া বা উত্তপ্ত গ্যাসের কারণে তার শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছিল। 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (এমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, গত ২৮ অক্টোবর কন্টিনেন্টাল হাসপাতাল থেকে রেফার করার পর কেইস্টিন ভার বুনাগকে ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়। 

তিনি আরও জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী ওইদিন সকাল আনুমানিক ৭টার দিকে গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে অগ্নিদগ্ধ হন কেইস্টিন। 

এতে তার শরীরের ৬৩ শতাংশ পুড়ে যায়। পাশাপাশি ধোঁয়া বা উত্তপ্ত গ্যাসের কারণে তার শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়। 

ভর্তির পর থেকেই তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।