সাংবাদিক হত্যার ৮৬ শতাংশ ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো

বিশ্বব্যাপী সাংবাদিকদের বিরুদ্ধে সংঘটিত হত্যাকাণ্ডের ৮৬ শতাংশের বিচার হয়নি। ২০২৪ ও ২০২৫ সালে বিশ্বে ১৮৯ জন সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও সাংবাদিকতামূলক কাজে নিয়োজিত সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট নির্মাতা নিহত হয়েছেন। এসব হত্যাকাণ্ডের ৬৭ শতাংশ ঘটেছে সশস্ত্র সংঘাত চলমান দেশগুলোতে।

সাংবাদিকদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচারহীনতা অবসানের আন্তর্জাতিক দিবস উপলক্ষে সোমবার (২ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা- ইউনেস্কো।

বিবৃতিতে বলা হয়, এ বছরের বৈশ্বিক প্রচারাভিযানের প্রতিপাদ্য—‘হুমকির ধরন বদলাচ্ছে, বিচারহীনতা রয়ে যাচ্ছে।’ সাংবাদিকদের বিরুদ্ধে পরিবর্তনশীল হুমকি এবং তাদের ওপর সংঘটিত অপরাধের বিচার ও জবাবদিহির ঘাটতির বিষয়টি এতে তুলে ধরা হয়েছে। মতপ্রকাশের স্বাধীনতা ও জনগণের জানার অধিকার নিশ্চিত করতে সাংবাদিকদের নিরাপত্তা অপরিহার্য। 

ইউনেস্কোর হিসাবে, সাংবাদিকদের বিরুদ্ধে সংঘটিত হত্যাকাণ্ডের ৮৬ শতাংশের বিচারিক নিষ্পত্তি হয়নি। অর্থাৎ প্রতি সাতটি ঘটনার মধ্যে প্রায় ছয়টিরই বিচার হয়নি।

বিচারহীনতা অবসানে হামলার ঘটনায় জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা, হুমকির ক্ষেত্রে দ্রুত সাড়া দেওয়া এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশে সাংবাদিকদের নিরাপত্তা জোরদারে জাতিসংঘের নির্বাচনী সহায়তা প্রকল্প ‘ব্যালট’-এর আওতায় দাতাদের সহায়তায় এবং বাস্তবায়নকারী অংশীদারদের সঙ্গে যৌথভাবে কাজ করছে ইউনেস্কো।

ব্যালটের নথি অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমে প্রায় তিন হাজার সাংবাদিক প্রশিক্ষণ পেয়েছেন। প্রতিটি প্রশিক্ষণে সাংবাদিকদের নিরাপত্তাবিষয়ক পূর্ণদিবসের একটি মডিউল অন্তর্ভুক্ত ছিল। প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে প্রায় ২০০ জন নারী সাংবাদিক রয়েছেন। এছাড়া ২৪ জন ফটোসাংবাদিককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

জাতীয় নির্বাচনের আগে সাংবাদিকদের জন্য ৬০টি সুরক্ষা ভেস্ট, চার হাজার সাংবাদিক সহায়িকা কার্ড এবং নির্বাচনবিষয়ক প্রতিবেদন তৈরির সাত হাজার ৫০০টি নির্দেশিকা বিতরণ করেছে ইউনেস্কো।

বিবৃতিতে আরও বলা হয়, প্রশিক্ষণ ও সংলাপের মাধ্যমে বাংলাদেশ নির্বাচন কমিশন ও গণমাধ্যমের মধ্যে যোগাযোগ এবং পুলিশ ও গণমাধ্যমের মধ্যে সহযোগিতা জোরদার করা হয়েছে। বাংলাদেশ সাংবাদিকতা সম্মেলনে ৫০০ জন অংশগ্রহণকারী সাংবাদিকতার মানোন্নয়ন ও সাংবাদিকদের নিরাপত্তা জোরদারে করণীয় নিয়ে আলোচনা করেন।

এছাড়া তরুণদের নিয়ে পরিচালিত বিভিন্ন উদ্যোগের মাধ্যমে দৃশ্যভিত্তিক তথ্য বোঝা ও মূল্যায়নের দক্ষতা এবং ডিজিটাল পরিসরে নিরাপদ ও দায়িত্বশীল অংশগ্রহণে সহায়তা করা হচ্ছে।

সাংবাদিকদের ওপর হামলা প্রতিরোধ, ঝুঁকিতে থাকা সাংবাদিকদের সুরক্ষা এবং অপরাধীদের বিচারের আওতায় আনা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি ও ঢাকা কার্যালয়ের প্রধান ড. সুসান ভাইজ।