‘স্যরি’ কেন বললো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন 

বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা মেডিক্যাল কলেজ ও নিউ মার্কেটের সামনের ফুটপাত দখলমুক্ত করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। দখলমুক্ত করার পর ফুটপাতের সৌন্দর্য ফিরিয়ে আনতে দেয়ালে আঁকা হয়েছে বর্ণিল গ্রাফিতি এবং বসানো হয়েছে গাছ।

ডিএসসিসির ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট করা হয়; যা নিয়ে ইতমধ্যে আলোচনা তৈরি হয়েছে।

পোস্টে তিনটি ছবির কোলাজ দিয়ে বানানো পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা মেডিক্যাল ও নিউ মার্কেটের সামনের ফুটপাত দখলমুক্ত করায় অনেকেই খুশি হলেও সবাইকে খুশি করতে পারিনি! স্যরি’

ছবিতে দেখা যায়, দখলমুক্ত ফুটপাত এখন পুরোপুরি পরিচ্ছন্ন। রাস্তার পাশের দেয়ালে ফুল, প্রকৃতি এবং বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি দিয়ে রাঙানো হয়েছে। ফুটপাতের ধারে সারি সারি টবে লাগানো হয়েছে সবুজ গাছ; যা পুরো এলাকার চেহারাই বদলে দিয়েছে।

দীর্ঘদিন ধরে এই তিনটি গুরুত্বপূর্ণ এলাকার ফুটপাত হকার ও অবৈধ দোকানের দখলে ছিল। ফলে পথচারীদের মূল সড়ক দিয়ে হাঁটতে হতো, বাড়ত যানজট ও দুর্ঘটনার ঝুঁকি। ডিএসসিসির এই উচ্ছেদ অভিযানে অনেকে সাধুবাদ জানালেও, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নিয়ে সমালোচনাও আছে।