জাপানগামী বিমানযাত্রীদের জন্য নতুন নির্দেশনা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জাপানগামী যাত্রীদের তাজা ফল, মাংস ও মাংসজাতীয় পণ্য বহন না করার অনুরোধ জানানো হয়েছে। জাপানের নতুন কোয়ারেন্টিন ও শুল্কবিধি অনুযায়ী এসব পণ্য দেশটিতে নেওয়া কঠোরভাবে নিষিদ্ধ।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বিমান কর্তৃপক্ষ জানায়, জাপানগামী ফ্লাইটের যাত্রীরা বিশেষ করে নারিতা বিমানবন্দরগামী যাত্রীদের এ বিষয়ে সতর্ক থাকতে হচ্ছে। যাত্রীরা যেন লাগেজে তাজা ফল, মাংস ও মাংসজাতীয় কোনও পণ্য বহন না করেন।

কর্তৃপক্ষ আরও জানায়, নিষিদ্ধ পণ্য বহন করলে জাপানে পৌঁছানোর পর যাত্রীদের অতিরিক্ত তল্লাশি ও জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হতে পারে। এতে বিমানবন্দরে সময়ক্ষেপণ ও যাত্রা বিলম্বের আশঙ্কা রয়েছে। একইসঙ্গে নিয়ম অমান্য করলে বড় অঙ্কের জরিমানা এবং অন্যান্য আইনি জটিলতার মুখেও পড়তে পারেন যাত্রীরা।

এ অবস্থায় চেক-ইন ও বোর্ডিংয়ের আগে যাত্রীদের নিজেদের ব্যাগেজ ভালোভাবে পরীক্ষা করার পরামর্শ দিয়েছে বিমান। পাশাপাশি জাপানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও এয়ারলাইনসের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।