পুরান ঢাকার চকবাজারে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ১০টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিন ৫টা ২৮ মিনিটে ছোট কাটরা এলাকায় আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। সেখানকার একটি ৬তলা ভবনের চতুর্থ তলায় এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, আগুন নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট কাজ করেছে। তবে ধোয়ার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে।
জানা গেছে, আগুন লাগা ভবনটির চতুর্থ তলায় পাস্টিকের গুদাম রয়েছে। সন্ধ্যায় সেখানেই এই অগ্নিকাণ্ড ঘটে। তবে আগুনের সূত্রপাত কীভাবে সে বিষয়ে কিছু জানা যায়নি।