সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডসহ সব ধর্ষণ, হত্যা, গুম ও বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে ছাত্রজোটের ডাকা আধাবেলা হরতালের সমর্থনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধকালে আটক ছাত্রজোটের ১২ নেতা-কর্মীকে ছেড়ে দিয়েছে পুলিশ।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির বলেন, বিকাল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহার জিম্মায় তাদেরকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
এর আগে সকাল সোয়া ৯টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা গেটের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা সবাই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী। এ সময় নেতা-কর্মীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এতে অন্তত ২০ নেতা-কর্মী আহত হন।
ছাড়া পাওয়ার পর পুলিশের হামলায় আহত আবদুল খালেক উজ্জ্বল (প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান, ৪১ ব্যাচ) ও মাহাথির মোহাম্মদকে (ভূগোল ও পরিবেশ, ৪৪ ব্যাচ) উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়েছে।
এর আগে সকালে আটকের পর পর ‘প্রক্টরের মদদে আটক করা হয়েছে’ এই অভিযোগ তুলে প্রক্টরের পদত্যাগ দাবিতে ৬ ঘণ্টার মতো প্রশাসনিক ভবন অবরোধ করে রাখে নেতা-কর্মীরা। এসময় তারা প্রক্টরের পদত্যাগ দাবিতে ১ ঘন্টার আল্টিমেটাম দেন। পরে দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম আটক নেতা-কর্মীদের ছাড়িয়ে আনার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
পরে বিকাল ৩টার দিকে প্রক্টর তপন কুমার সাহা, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বশির আহমেদ, কয়েকজন সহকারী প্রক্টর, নিরাপত্তা কর্মকর্তা ও জোটের নেতা-কর্মীরা আশুলিয়া থানায় গেলে তাদের ছেড়ে দেওয়া হয়।
জোটের নেতা-কর্মীরা জানিয়েছেন, প্রক্টরের পদত্যাগের দাবির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত সন্ধ্যায় জানানো হবে।
/এফএস/