মৃত রোগী ভর্তি রেখে টাকা আদায়ের চেষ্টা

পদ্মা হাসপাতালকে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা, আটক ৮

মারা যাওয়ার পরেও এনআইসিইউতে চিকিৎসাএনআইসিইউ (নিউনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট-শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্র) বাণিজ্য এবং ৮ বছর বয়সী মৃত রোগীকে ভর্তি রেখে টাকা আদায়ের অভিযোগে রাজধানীর হাতিরপুলের পদ্মা জেনারেল হাসপাতালকে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত।এ ঘটনায় হাসপাতালের ৮ জনকে আটক করা হয়েছে।
সোমবার র‌্যাব-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন এই আদালত পরিচালনা করেন। তার সঙ্গে ছিলেন সহকারী পুলিশ সুপার ইয়াছির আরাফাত,স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. মো. শাহজাহান, ডা. আবদুর রব ও ডা. মনজুর আহমেদ এবং ড্রাগ অধিদফতরের ড্রাগ সুপার অজিউল্লাহ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, গত ২৪ এপ্রিল ৮ বছরের জান্নাতুল নাঈমাকে নিয়ে তার পরিবার এই হাসপাতালে যায়। তাকে দ্রুত এনআইসিইউতে স্থানান্তর করে কর্তৃপক্ষ। কিন্তু অভিযানের সময় আমরা দেখেছি, এনআইসিইউ’র কোন সুবিধাই ওই হাসপাতালে নেই। শিশুটির চিকিৎসার জন্য প্রশিক্ষিত ডাক্তার ও নার্স সেখানে উপস্থিত ছিল না। এনআইসিইউ এর অব্যবস্থাপনা ও অবহেলার কারণেই শিশুটি মৃত্যুবরণ করে।
তিনি আরও বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির মৃত্যু সংবাদ তার পরিবারকে না দিয়ে চিকিৎসা চালিয়ে যেতে থাকে।সোমবার র‌্যাব-২ এর মোবাইল কোর্ট ওই হাসপাতালে হাজির হলে শিশুটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। হাসপাতাল কর্তৃপক্ষ মৃত শিশুটিকে জীবিত দেখিয়ে পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার পাঁয়তারা করছিলেন বলেন তিনি।
র‌্যাবের হাতে আটক পদ্মা হাসপাতালের কর্মচারীরাএছাড়াও সেখানে ব্লাড ট্রান্সফিউশন করার কোনও লাইসেন্স না থাকা, অপারেশন থিয়েটারের যন্ত্রপাতি যথাযথভাবে পরিষ্কার না করা, মেডিক্যাল বোর্ড গঠনের কোনও ব্যবস্থা না থাকা, নার্সদের নার্সিং কাউন্সিল এর লাইসেন্স না থাকা, অটোক্লেবের পর লেবেল ব্যবহার না করা, বায়োকেমিস্ট না থাকা,পর্যাপ্ত ডাক্তার ও নার্স না থাকা, মূল্য তালিকা প্রদর্শিত না থাকা,রেজিস্ট্রেশনবিহীন ওষুধ মজুদ রাখা, ফার্মেসী পরিচালনা করার জন্য কোয়ালিফাইড ব্যক্তি না থাকা, নিয়মিত হাসপাতালের ময়লা পরিষ্কার না করা, রক্ত সংগ্রহের জন্য অনুমোদন না থাকা সত্ত্বেও রক্ত সংগ্রহ করা, হাসপাতালের মালিকানা যথাযথভাবে পরিবর্তনের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের কোনও লাইসেন্স না থাকা,একুশ বেডের হাসপাতাল পরিচালনার অনুমতি নিয়ে একশত বিশ বেডের হাসপাতাল পরিচালনা করার অপরাধে পদ্মা জেনারেল হাসপাতালের ৮ জনকে আটক করা হয়।পরে জিজ্ঞাসাবাদে দোষ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ও ৫৩ এবং ড্রাগ এ্যাক্ট ১৯৪০ এর ১৮ ও ২৭ ধারানুযায়ী সাড়ে ১০ লাখ টাকা জরিমানা ও জরিমানা অনাদায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয় বলে জানান তিনি।

জেএ/এমএসএম /