পাঁচ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি ডেমরার আগুন

১০তলা ভবনে আগুন (ছবি: নাসিরুল ইসলাম)সূত্রপাতের পাঁচ ঘণ্টা অতিবাহিত হলেও নিয়ন্ত্রণে আসেনি ডেমরার লাইট কারখানার আগুন। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের ১৫০ জন ফায়ার ফাইটার আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। ইতোমধ্যে ১০ তলা ওই ভবনের চার, পাঁচ, ছয়, সাত ও আটতলায় আগুন ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকাল ৫টার কিছু আগে ডেমরার কোনাপাড়া মাদ্রাসা রোডের পাশা টাওয়ারে লাইট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবনের ছয়তলা থেকে আগুনের সূত্রপাত হয়। বিকাল ৫টা ১৫ মিনিটে সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে রাত ৯টা ৫০ মিনিট পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

১০তলা ভবনে আগুন
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পাঁচ ঘণ্টা পরও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ঘটনাস্থলে সাহায্যকারী সংস্থা হিসেবে র‍্যাব, পুলিশ, রেড ক্রিসেন্ট, বিএনসিসি স্কাউট কাজ করছে। এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। সেখানে কেউ আটকা পড়েছে কিনা সেই বিষয়েও জানা সম্ভব হয়নি।’

তিনি জানান, খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পাঠানো হয়। পরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। ভবনটিতে লাইট ও ফ্যান তৈরির কারখানা ছিল।

আরও পড়ুন: রাজধানীতে লাইট কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট