‘নিজস্ব অগ্নি নির্বাপণ ও ফায়ার ড্রিলের সার্টিফিকেট না থাকলে ট্রেড লাইসেন্স দেওয়া হবে না’

নিজস্ব অগ্নি নির্বাপণ ও ফায়ার ড্রিলের সার্টিফিকেট না থাকলে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) থেকে কোনও ট্রেড লাইসেন্স দেওয়া হবে না বলে জানিয়েছেন সংস্থাটির মেয়র মো. আতিকুল ইসলাম।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর কড়াইলে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড সচেতনতা মহড়ায় অংশগ্রহণ করে তিনি এ কথা বলেন। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২১ উপলক্ষে এই মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়া শেষে মেয়র আতিকুল ইসলাম বলেন, আমরা বড় বড় অট্টালিকা তৈরি করি, কিন্তু সেগুলোর কমপ্লায়েন্স মেনে চলি না। যারা বড় বড় ভবন তৈরি করছেন তাদের নিজস্ব অগ্নি নির্বাপণ ব্যবস্থা থাকতে হবে। আপনারা ৪০, ৫০, ৬০ তলা বিল্ডিং করবেন কিন্তু নিজস্ব অগ্নি নির্বাপণ ব্যবস্থা তৈরি করবেন না, এটা হতে পারে না। নিজস্ব অগ্নি নির্বাপণ ও ফায়ার ড্রিল এর সার্টিফিকেট না থাকলে ডিএনসিসি থেকে ট্রেড লাইসেন্স দেওয়া হবে না। যারা ভবন তৈরি করবেন তাদেরকেই ভবনের নিরাপত্তা দায়িত্ব নিতে হবে।

আতিকুল ইসলাম বলেন, ফায়ার সেফটি, বিল্ডিং সেফটি, ইলেকট্রিক্যাল সেফটি এগুলো নিজ দায়িত্বে নিশ্চিত করতে হবে সরকারের ওপর বসে থাকলে হবে না। ফায়ার ব্রিগেড এর উপর বসে থাকলে হবে না। নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনায় বিশ্বে রোল মডেল। দুর্যোগ ব্যবস্থাপনার জন্য বর্তমান সরকারের আমলে পর্যাপ্ত যন্ত্রপাতি কেনা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মহসীন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন, ডিএনসিসির ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মফিজুর রহমান, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. নাছিরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।