অবহেলার কারণে দুর্ঘটনার অভিযোগে রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনায় পুলিশের পক্ষ থেকে রমনা থানায় মামলা হয়েছে। সোমবার (২৮ জুন) রাতে থানার একজন উপ-পরিদর্শক মামলাটি করেন।
মঙ্গলবার (২৯ জুন) দুপুরে পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার হারুন উর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, অবহেলার বিষয়টি উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে। আমরা ঘটনা তদন্ত করে দেখছি। এ ঘটনার পেছনে বাড়িওয়ালা, ভাড়াটিয়া কিংবা অন্য কারো বিরুদ্ধে অবহেলার অভিযোগ পেলে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। কাদের অবহেলা ছিল এ বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।
উপ-কমিশনার আরো বলেন, এরইমধ্যে ভবনের মালিক এবং কয়েকজন ভাড়াটিয়ার সাথে তদন্ত সংশ্লিষ্ট বিষয়ে আমাদের কথা হয়েছে। আমরা সব বিষয় মাথায় রেখেই মামলাটি তদন্ত করব।
উল্লেখ্য, গত রবিবার সন্ধ্যায় মগবাজার ওয়্যারলেস গেটের পাশে ৭৯ নম্বর ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে এবং অনেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।