ডিএসসিসি’র ৬৭৩১ কোটি টাকার বাজেট ঘোষণা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ হাজার ৭৩১ কোটি ৫২ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। পাশাপাশি  ২০২০-২১ অর্থবছরের ৬ হাজার ৪৯ কোটি ৮০ লাখ টাকার সংশোধিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) ডিএসসিসির দ্বিতীয় পরিষদের অষ্টম করপোরেশন এই বাজেট পাস ও অনুমোদন দেওয়া হয়। ডিএসসিসি থেকে পাঠানো  সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১-২২ অর্থবছরের বাজেট প্রসঙ্গে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ‘এই বাজেট করপোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট। কিন্তু আমরা এখানেই থেমে থাকতে চাই না। প্রতি বছরই আমরা আরও বড় পরিসরে ঢাকাবাসীর কল্যাণে কাজ করতে চাই। সেজন্য ক্রমাগত আমাদের রাজস্ব আহরণের সক্ষমতা বাড়াতে হবে। সকলের সহযোগিতায় আমরা আমাদের রাজস্ব আহরণের সক্ষমতা বাড়াতে পারবো বলে আমি বিশ্বাস করি।’

নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান উল্লেখ করে মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘আমার সঙ্গে যারা কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন, আমি তাদের মধ্যে উদ্যম, উদ্যোগ, সততা, নিষ্ঠা ও একাগ্রতা পেয়েছি।  জনপ্রতিনিধি হিসেবে আমাদের কাউন্সিলররা আন্তরিকতা ও নিরলস পরিশ্রম, জনকল্যাণে  আপনাদের ত্যাগের বিনিময়ে আমরা যে লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করি এবং সেই লক্ষ্যেমাত্রা কিছুটা হলেও যখন অর্জিত হয়। তখনই আমরা সন্তুষ্টি লাভ করি ও আত্মতৃপ্তি উপলব্ধি করি।’

দক্ষিণ সিটির সচিব আকরামুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ স্বাগত বক্তব্য দেন।