রাজধানীর ফুলবাড়িয়া এলাকায় পরিবহন শ্রমিকদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এর আগে বুধবার (৪ আগস্ট) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ত্রাণ বিতরণ করতে আসেন।
শ্রমিকদের দাবি, তাদেরকে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ দেওয়া হবে বলে লকডাউনের মাঝে দূর-দুরান্ত থেকে ফুলবাড়িয়া এলাকায় এনে জড়ো করা হয়। কিন্তু আশানুরূপ ত্রাণ দেওয়া হয়নি। আর যাদেরকে ত্রাণ দেওয়া হয়েছে তারা শ্রমিক নন। এছাড়া ত্রাণ বিতরণের যে কার্ড দেওয়া হয়েছে, সেই কার্ড শ্রমিকদের কাছে একশ’ টাকা করে বিক্রি করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
শ্রমিকদের অভিযোগ, তাদেরকে ত্রাণের কথা বলে বুধবার সকাল ৭টায় ফুলবাড়িয়া এলাকায় জড়ো করা হয়। কিন্তু বেলা ১২টা পেরিয়ে গেলেও তাদেরকে কোনও ত্রাণ দেওয়া হয়নি।
তবে পরে তাদেরকে ৫ কেজি করে চাল দেওয়া হয়। চালের গুণগত মান নিয়েও প্রশ্ন তোলেন তারা। এ সময় অনেকেই ত্রাণ না পেয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন।
দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, আজকে শুধু ফুলবাড়িয়া এলাকার শ্রমিকদের ত্রাণ বিতরণ করার কথা। কিন্তু সেখানে যাত্রাবাড়ী এলাকার শ্রমিকদেরও তালিকাভুক্ত করেন শ্রমিক নেতারা, যে কারণে বিশৃঙ্খলা দেখা দেয়।
জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা প্রথম দিন সায়েদাবাদ এলাকার শ্রমিকদেরকে ৫০ মেট্রিক টন চাল বিতরণ করেছি। আজকে শুধু ফুলবাড়িয়া এলাকার শ্রমিকদের ত্রাণ দেওয়ার কথা। কিন্তু সেখানে সায়েদাবাদ এলাকার শ্রমিকদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে বলে শুনেছি। ফলে বিশৃঙ্খলা দেখা দিলে মেয়র সাহেব সেখান থেকে চলে আসেন।’