বেশি ভাড়ার প্রতিবাদ করায় বাসযাত্রীকে পিটুনি

বাস ভাড়া বেশি নেওয়ার প্রতিবাদ করায় পরিবহন শ্রমিকরা এক যাত্রীকে পিটিয়ে আহত করেছেন। আহত যাত্রীর নাম মো. নাসির (৩৫)। তিনি গুলিস্তান ভাসানী স্টেডিয়ামে স্পোর্টস সামগ্রীর ব্যবসায়ী।

সোমবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর গুলিস্তানে এ ঘটনা ঘটে। পরে পল্টন থানার উপ-পরিদর্শক (এএসআই) মানিক আহত অবস্থায় নাসিরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নিয়ে যান।

ব্যবসায়ী নাসির ডেমরার কোনাপাড়ায় থাকেন। তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার গ্রামের মুনসুর আলীর ছেলে।

আহত নাসির সাংবাদিকদের জানান, ডেমরার বাসা থেকে বের হয়ে আসিয়ান পরিবহনের একটি বাসে গুলিস্তান আসছিলেন। পথে বাস কন্ডাক্টর ১৫ টাকা ভাড়ার স্থলে ২০টা দাবি করেন। এতে তিনি প্রতিবাদ করেন। এ নিয়ে যাত্রীদের সঙ্গে কন্ডাক্টরের বাগবিতণ্ডা হয়। এতে যাত্রীরা কেউ ২০ টাকা ভাড়া দিয়েছেন, আবার কেউ দেননি।

তিনি জানান, এ নিয়ে ওই বাসের শ্রমিকরা তার ওপর ক্ষিপ্ত হয় এবং বাগবিতণ্ডা চালিয়ে যেতে থাকে। একপর্যায়ে বাসের যাত্রী কমে যায় এবং বাসটি গুলিস্তান এলাকায় চলে আসে। তখন শ্রমিকরা তাকে বেধড়ক মারধর করতে থাকেন। একপর্যায়ে তাকে বাস ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করেন নাসির।

এতে তিনি গুরুতর আহত হন। পরে সংবাদ পেয়ে ‘আহাদ পুলিশ বক্স’ থেকে এসে পুলিশের এক সার্জেন্ট তাকে উদ্ধার করেন এবং  ঢাকা মেডিক্যালে পাঠান।  

আহাদ পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান বলেন, ‘ঘটনার পর বাসযাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। এ ঘটনায় তিন জনকে আটক করে পল্টন থানায় সোপর্দ করা হয়েছে।’