অবৈধ রিকশার বিরুদ্ধে ডিএসসিসির অভিযান

অবৈধ, নিবন্ধনহীন ও ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। প্রথম দিনের অভিযানে নিবন্ধন না থাকায় সায়েন্স ল্যাবরেটরি এলাকা থেকে অন্তত ১৫টি রিকশা জব্দ করেছেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএসসিসি।

রবিবার (২ জানুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডি-১ নম্বর রোডে এই অভিযান পরিচালিত হয়। দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ শিকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পূর্ব ঘোষণা অনুযায়ী, আমাদের এই অভিযান শুরু হয়েছে। এ অভিযান নিয়মিত পরিচালিত হবে। কারণ, আমরা অবৈধ রিকশার লাইসেন্স দেওয়ার জন্য সময় বেঁধে দিয়েছিলাম। আর যেসব রিকশা ব্যাটারিচালিত সেগুলোও জব্দ করা হচ্ছে।’