ডিএসসিসির ৩৫ শতক জমি উদ্ধার, ২ জনের কারাদণ্ড

রাজধানীর যাত্রাবাড়ীর চন্দনকোঠায় এবং দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের সামনে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দক্ষিণ সিটি করপোরেশনের এ অভিযানে ৩৫ শতক জমি উদ্ধার করা হয়। এ সময় দুজনকে সাত দিন করে কারাদণ্ড এবং ৫ জনকে অর্থদণ্ড দেওয়া হয়।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ সিকদার এবং করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান অভিযান দুটি পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ সিকদারের নেতৃত্বে রবিবার সকাল থেকে করপোরেশনের অঞ্চল-৫-এর ৫০ নম্বর ওয়ার্ডের যাত্রাবাড়ীর চন্দনকোঠা পঞ্চায়েত কমিউনিটি সেন্টার সংলগ্ন ঈদগাঁ মাঠ, বউ বাজার ও আশপাশের অন্যান্য ভূমি থেকে সব অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি অবৈধ ঢালাই কারখানা, অবৈধ কাঁচাবাজার এবং ২০টি অবৈধ আধা-পাকা বাড়ি গুঁড়িয়ে ৩৫ শতক জায়গা উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে অবৈধ স্থাপনার মালামাল মালামাল স্পট নিলামে ৬০ হাজার টাকায় বিক্রি করা হয়। এ সময় ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রাসেল সাবরিন উপস্থিত ছিলেন।

এ ছাড়াও এ দিন করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামানের নেতৃত্বে নগর ভবনের উল্টোদিকের রাস্তায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আদালত অবৈধভাবে ফুটপাত দখল করে পথচারী চলাচলে বিঘ্ন সৃষ্টি করে অস্থায়ী দোকান করায় দিপু এবং মো. মাসুদ রানা নামের দুজনকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ ছাড়াও মোহাম্মদ ফারুক কাজী ও মোহাম্মদ নজরুল ইসলাম নামে দুই ব্যক্তিকে ৫ হাজার করে, মোহাম্মদ রবিনকে এক হাজার, সবুজ ও কামাল নামে দুই জনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযান প্রসঙ্গে দক্ষিণ সিটির প্রধান সম্পত্তি কর্মকর্তা বলেন, ‘অবৈধ দখলদারদের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে এবং চলবে।’