নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
বুধবার (৩০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
ক্যাবের সহ-সভাপতি এসএম নাজের হোসাইন বলেন, ‘করোনাকালে দ্রব্যমূল্য বাড়েনি। পরে প্রতিযোগিতা করে দ্রব্যমূল্য বাড়ানো হয়েছে। কাগজ-কলম থেকে শুরু করে টয়লেট টিস্যুর দাম বেড়েছে। একজন সীমিত আয়ের মানুষের পক্ষে জীবন-জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘ভোক্তা অধিকার অধিদফতর থেকে ব্যবসায়ীদের বারবার সতর্ক করা হচ্ছে। ভোক্তা সংরক্ষণ আইন অনুযায়ী বাজার ও দোকানে মূল্য তালিকা থাকার কথা। বাজার তদারকি যারা করছেন তারা প্রতিবারই জরিমানা করছেন। অল্প কিছু টাকা জরিমানা করা হয়। দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তা না করলে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য আরও বেড়ে যাবে।’
সরকারের কাছে আবেদন জানিয়ে তিনি বলেন, ‘অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আপনাকে (প্রধানমন্ত্রী) আরও কঠোর হতে হবে। ব্যবসায়ীদের সতর্ক করবেন, তারা সতর্ক হবে না। চোরে শোনে না ধর্মের কাহিনী।’
মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন কবীর ভূঁইয়া, যুগ্ম সম্পাদক ডা. মো. শাহনেওয়াজ চৌধুরী, কোষাধ্যক্ষ ড. মো. মুঞ্জুর-ই-খোদা তরফদার প্রমুখ।