ঢাকা শহরকে বিশ্রাম দিতে দক্ষিণ সিটি করপোরেশন-ডিএসসিসি’র এলাকার দোকানপাট ও মার্কেট রাত ৮টার পর বন্ধ রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। ২২ জুন অংশীজনদের সঙ্গে মতবিনিময়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে জানিয়েছে ডিএসসিসি।
জরুরি সেবা যেমন- হাসাপাতাল, ফার্মেসি, রেস্তোরাঁ ইত্যাদি খোলা রেখে বাকি সব বন্ধ করে ঢাকাকে রাতের বেলা বিশ্রামে রাখার বিষয়টি একাধিকবার ঘোষণা দিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস।
এ উদ্যোগকে বাস্তবায়ন করতে আগামী ২২ জুন ঢাকা শহরের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, দোকান মালিক সমিতি, পরিকল্পনাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও অন্যান্য অংশীজনের সঙ্গে বসবেন মেয়র।
ওই বৈঠক থেকেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএসসিসির কর্মকর্তারা।
এ বিষয়ে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ বলেন, ‘মেয়রের অভিপ্রায় হচ্ছে— ঢাকা শহরের ব্যবসা-বাণিজ্যকে একটি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা। পৃথিবীর সব শহরেই ব্যবসা- বাণিজ্যের সময়সীমা থাকে। এটা মার্কেটের ক্ষেত্রে একরকম, ওষুধের দোকানের ক্ষেত্রে আরেক রকম।’
তিনি জানান, আগামী ২২ জুন হোটেল ইন্টারকন্টিনেন্টালে এফবিসিসিআই, ডিসিসিআই, দোকান মালিক সমিতি, সুশীল সমাজ ও অন্যান্য অংশীজনের বসে এ সময়সীমা নির্ধারণ ও অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, ‘সবার মতামত নিয়ে ২২ জুনেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সিদ্ধান্তগুলো দাফতরিক আদেশ আকারে প্রকাশ করবো। এগুলো সবাইকে মানার ও অনুরোধ করবো।’