চাকরিচ্যুত পরিচ্ছন্নতা কর্মীদের ওপর মেয়রপন্থীদের হামলার অভিযোগ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) চাকরিচ্যুত পরিচ্ছন্নতাকর্মীদের ছয় দফা দাবির আন্দোলনে হামলা হয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, মেয়র ও কাউন্সিলরপন্থী লোকজন এই হামলা করেছে। এ সময় দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপস্থিত পুলিশ সদস্যরা দুই পক্ষকে দুই দিকে সরিয়ে দেন।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের মানববন্ধন চলাকালে এই ঘটনা ঘটে।

হামলার শিকার মানববন্ধনকারীরা বলেন, ‘আমাদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করেছেন মেয়র তাপস। আমরা চাকরি ফিরে পাওয়া এবং দাবি আদায়ের লক্ষ্যে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করতে আসি। কিন্তু অতর্কিতভাবে মেয়র তাপস সমর্থিত কিছু কর্মী আমাদের ওপর হামলা করে।’

হামলার বিষয়ে উপস্থিত দায়িত্বরত পুলিশ পরিদর্শক আবুল বাশার বাংলা ট্রিবিউনকে বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কিছু চাকরিচ্যুত কর্মী এখানে তাদের দাবি নিয়ে অবস্থান করছিলেন। এমন সময় হঠাৎ করে একটি গ্রুপ এসে তাদের ওপর হামলা চালালে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। আমরা তৎক্ষণাৎ দুই পক্ষকে দুই দিকে ফিরিয়ে দিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক আছে।

আন্দোলনকারীদের ছয় দফা দাবিগুলো হলো– ১৯৯২ সালের ১০ জুলাই জারিকৃত ৯৭৯ আদেশ পুনর্বহাল করতে হবে; পরিচ্ছন্নতা কর্মীদের অবসরে যাওয়ার সঙ্গে সঙ্গে পোষ্য কোঠায় চাকরি এবং অবসরে যাওয়া কর্মীকে এককালীন ১০লাখ টাকা দিতে হবে; কর্মরত অবস্থায় কোনও কর্মী মৃত্যুবরণ করলে সরকারি বিধি অনুযায়ী ৮ লাখ টাকা দিতে হবে।

তারা আরও দাবি করেন– ঠিকাভিত্তিক পরিচ্ছন্নতা কর্মীদের বাসস্থান নিশ্চিত করতে হবে; স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড ওয়াকার্স ইউনিয়নের নেতৃবৃন্দদের ও অন্যান্য পরিচ্ছন্নতা কর্মীদের অন্যায়ভাবে কর্মচ্যুত আদেশ বাতিল করে পুনর্বহাল করতে হবে; কয়েকশ বছর ধরে বসবাসকারী কোনও পরিবারকে বাসস্থানের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এবং পরিচ্ছন্নতা কর্মীদের নিয়ে প্রধানমন্ত্রীর ঘোষণার পূর্ণ বাস্তবায়ন করতে হবে।