কর্মচ্যুত দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের নগর ভবন ও আঞ্চলিক কার্যালয়গুলোতে ঢোকার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
এ ব্যাপারে একটি অফিস আদেশও জারি করেছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
দক্ষিণ সিটির সচিব আকরামুজ্জামান সই করা অফিস আদেশে বলা হয়েছে, অনিয়ম, অসদাচরণ ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে কর্মচ্যুত দৈনিক মজুরিভিত্তিক বা স্কেলভুক্ত পরিচ্ছন্নতাকর্মী, দক্ষ ও অদক্ষ শ্রমিকগণকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে এবং আঞ্চলিক কার্যালয়গুলোতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হলো।
অফিস আদেশটি গত ১৭ অক্টোবর জারি করা হয়েছে।
কেন তাদের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে জানতে দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ ও সচিব আকরামুজ্জামান কয়েকবার কল করা হলেও তারা ফোন রিসিভ করেননি।
উল্লেখ্য, কর্তব্যে অবহেলা, বিভিন্ন সময়ে শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং হীন উদ্দেশ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সম্পর্কে নেতিবাচক বিবৃতি প্রদান করার অভিযোগ এনে ১৫ নং ওয়ার্ডের পরিচ্ছন্নতাকর্মী ধীরেশ চন্দ্র দাস, ৫ নং ওয়ার্ডের পরিচ্ছন্নতাকর্মী আলাউদ্দিন ও স্কেলভুক্ত পরিচ্ছন্নতাকর্মী কেন্দ্রীয় ট্রাক অঞ্চল-১ এর বাইজু লালকে গত ১৩ অক্টোবর কর্মচ্যুত করা হয়।
এছাড়াও ১৪ নং ওয়ার্ডের পরিচ্ছন্নতাকর্মী শহিদুল ইসলাম, ৬৫ নং ওয়ার্ডের পরিচ্ছন্নতাকর্মী মো. আলামিনকে গত ১৭ অক্টোবর চাকরিচ্যুত করা হয়।