মেট্রোরেলের ফিডার সার্ভিস: বিআরটিসির বাস নেই উত্তরায়

মেট্রোরেল স্টেশনের পাশেই থাকার কথা ছিল বিআরটিসির বাসের। মেট্রোর যাত্রীদের জন্য উত্তরা হাউজ বিল্ডিং এলাকা থেকে উত্তরা উত্তর স্টেশন এবং আগারগাঁও থেকে মতিঝিল নিয়ে যাওয়ার জন্য থাকার কথা বিআরটিসির ৫০টি বাস। তবে সাধারণ যাত্রীদের জন্য মেট্রোরেল খুলে দেওয়ার প্রথম দিন উত্তরা স্টেশনে কোনও বাসের দেখা মেলেনি। লেগুনা, অটোরিকশাই ভরসা উত্তরা হাউস বিল্ডিং থেকে উত্তরা উত্তর স্টেশনের যাত্রীদের।

তবে ট্রাফিক সহকারী আক্তার হোসেন জানান, বিআরটিসির ১০ বাস চলছে। উত্তর স্টেশন থেকে আব্দুল্লাহপুর হয়ে হাউজ বিল্ডিং রুটে চক্রাকারে চলছে বাস। আধা ঘণ্টা পরপর ছাড়ছে এগুলো।

উত্তরা উত্তর স্টেশনে বিআরটিসির কোনও বাস না থাকায় যাত্রীরা লেগুনা ও অটোরিকশায় যাতায়াত করেন

এদিকে সরেজমিনে ঘুরে দেখা যায়, উত্তরা উত্তর স্টেশনে যাত্রী নেই। আবার আব্দুল্লাহপুর ও উত্তরা হাউজ বিল্ডিং অংশে বাস নেই। একমুখী যাত্রীর চাপ। সেই সুযোগে চলছে লেগুনা, অটোরিকশা এমনকি কয়েকটি বেসরকারি পরিবহনের বাসও।

তবে আগারগাঁও অংশে বিআরটিসির ১০টি বাস অপেক্ষমান থাকতে দেখা গেছে। এখানে উপস্থিত বাসগুলোর কর্মচারীরা জানান, সকালে আরও ৩০টি বাস ছিল। সেগুলো যাত্রী নিয়ে চলে গেছে। 

উত্তরা হাউজ বিল্ডিংয়ে বিআরটিসির বাস থাকলেও যাত্রী ছিল কম

এর আগে মেট্রোরেল সূত্র জানায়,  মেট্রোরেলের যাত্রীদের জন্য উত্তরা হাউজ বিল্ডিং এলাকা থেকে উত্তরা উত্তর স্টেশন ও আগারগাঁও থেকে মতিঝিল নিয়ে যাওয়ার জন্য থাকবে বিআরটিসির ৫০টি  বাস। এছাড়া সিএনজি, বাস,  মিনিবাস,  মোটরসাইকেল ও অন্যান্য পরিবহনও মেট্রো স্টেশনের যাত্রী নিতে পারবে।