রাজধানীর যাত্রাবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. রাকিব হাসান (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনের মেয়র হানিফ ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ এ তথ্য জানান।
রাকিব হাসান যাত্রাবাড়ী ধলপুর এলাকার গার্মেন্টস ব্যাবসায়ী মো. রুহুল আমিনের ছেলে। বর্তমানে মাতুয়াইল হাসপাতালের পাশে মা মমতাজের সঙ্গে থাকতেন।
এসআই নুর মোহাম্মদ বলেন, গুরুতর অবস্থায় রাকিবকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে বিকাল পৌনে ৪টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, কোনও গাড়ির সঙ্গে ধাক্কা লেগেছে, নাকি নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেছে তা এখনও নিশ্চিত হতে পারিনি।’ এ বিষয়ে তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি।
নিহতের বোন শোভা জানান, রাকিবুল ঠিকাদারি কাজের পাশাপাশি রাইট শেয়ারিং পাঠাও চালক ছিলেন।
মা মমতাজ বলেন, দুপুরে ছেলের সঙ্গে কথা হয়। ছেলে বলেছিল, ‘মা আমি কাওরান বাজার আছি, বাসায় আসছি।’ আমি তার অপেক্ষায় ছিলাম। পরে সংবাদ পাই, সে দুর্ঘটনার শিকার হয়েছে। এসে তাকে মৃত অবস্থায় পাই।