আগামী ২৬ মার্চের মধ্যে আগারগাঁও থেকে উত্তরায় চলাচলের জন্য মেট্রোরেলের সব স্টেশনে যাত্রী ওঠানামা শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক এম এ এন ছিদ্দিক।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর রমনা এলাকায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী ১৮ ফেব্রুয়ারি উত্তরা সেন্টার স্টেশনটি চালু হবে। আর ১ মার্চ থেকে চালু হবে মিরপুর ১০ নম্বর মেট্রোরেল স্টেশন। এছাড়া বাকি যে চারটি স্টেশন রয়েছে সেগুলোতে ২৬ মার্চের মধ্যে যাত্রী ওঠানামা শুরু হবে।
তিনি আরও বলেন, জুলাইয়ের মধ্যে সময়সীমা বাড়িয়ে সকাল থেকে রাত পর্যন্ত মেট্রোরেল চলাচলের পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী কাজ চলমান। বর্তমানে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলাচল করছে মেট্রোরেল। সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত খোলা থাকছে মেট্রোরেল স্টেশনে ঢোকার গেট। যারা পাস সংগ্রহ করেছেন তাদের কোনও লাইনে দাঁড়াতে হচ্ছে না। সরাসরি টিকিট পাঞ্চ করে ট্রেনে উঠে যাচ্ছেন।
গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে মেট্রোরেল উদ্বোধন করেন। পরদিন ২৯ ডিসেম্বর থেকে সর্বসাধারণের জন্য চালু হয় মেট্রোরেল। শুরুতে আগারগাঁও স্টেশন থেকে সরাসরি উত্তরা উত্তর স্টেশন পর্যন্ত মেট্রোরেল চলাচল করে। বর্তমানে আগারগাঁও থেকে উত্তরা উত্তর স্টেশন চলাচলের সময় পল্লবী স্টেশনে থামছে মেট্রোরেল।