যাত্রাবাড়ী থেকে যুবকের লাশ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ীতে মো. শাওন (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) ভোরে যাত্রাবাড়ীর মীর হাজীবাগ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) তোরগুল হাসান সোহাগ এ তথ্য জানান।

শ্যামপুর ২০/১, মীর হাজীরবাগের মো. আব্দুল আজিজ ও মাহমুদা বেগমের ছেলে শাওন। তিন ভাই দুই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।

এসআই তোরগুল বলেন, ‘অজ্ঞাত কেউ তাকে ছুরিকাঘাত করে মীর হাজীরবাগে একটি মুদি দোকানের সামনের রাস্তায় ফেলে যায়। খবর পেয়ে সেখান থেকে লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

তিনি বলেন, ‘কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে সে বিষয়ে জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।’