নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর মাতুয়াইল মাদ্রাসা রোডে নির্মাণাধীন দশ তলা ভবনের নয় তলা থেকে পড়ে মো. শাহিন (২৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

মৃতের সহকর্মী মো. হোসেন আলী জানান, দশ তলা ভবনের নয় তলায় সেন্টারিংয়ের কাজ করার সময় অসাবধানতাবশত উপর থেকে নিচে পড়ে গিয়ে আহত হয় ওই নির্মাণ শ্রমিক। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট ডেমরা থানায় অবগত করা হয়েছে।’

মৃত শাহিন বরিশাল জেলার বাসিন্দা বলে জানা গেছে। বর্তমানে মাতুয়াইল মাদ্রাসা রোড এলাকায় থাকতেন।