নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনা-নৌ-বিমানবাহিনী ও র‌্যাব

রাজধানীর নিউ সুপার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে বাংলাদেশ সেনা-নৌ-বিমানবাহিনীর অগ্নিনির্বাপণ সাহায্যকারী দল। এছাড়া র‍্যাব ঢাকার ব্যাটালিয়ন থেকে ১২টি টহল দল ও সাদা পোশাকে পাঁচটি দলও আগুন নিয়ন্ত্রণে সহায়তা করছে। ফায়ার সার্ভিসকে সহায়তা এবং আশেপাশের এলাকার পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সরঞ্জামাদিসহ ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রয়েছে বিমানবাহিনীর হেলিকপ্টার।

শনিবার (১৫ এপ্রিল) সকালে এক বার্তায় এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচলক কমান্ডার খন্দকার আল মঈন জানান,  ট্রাফিক মেনেজমেন্ট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেও কাজ করছে র‌্যাব।

ভোরে লাগা এই আগুনের খবর পলাশী ফায়ার স্টেশন পায় ৫টা ৪০ মিনিটে। তারা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একে একে সেখানে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় ফায়ার সার্ভিসের ২৮ ইউনিট। তাদের সঙ্গে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীও রয়েছে।