বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ২ কোটি টাকা সহায়তা দিলো ডিএসসিসি

রাজধানীর বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ২ কোটি টাকা অনুদান দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

সোমবার (১৭ এপ্রিল) বিকালে ডিএসসিসির নগর ভবনে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি ও বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতির নেতাদের হাতে অনুদানের চেক তুলে দেন মেয়র ব্যরিস্টার শেখ ফজলে নূর তাপস।

এ সময় মেয়র তাপস বলেন, ‘এই অনুদানের অর্থ কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুঁজি ও ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে কাজে লাগবে। এছাড়া ব্যবসায়ী সংস্থাসহ বিভিন্ন মহল থেকে আমরা আশানুরূপ সাড়া পেয়েছি। আমরা বিশ্বাস করি, শিগগিরই পর্যাপ্ত তহবিল তাদের সহায়তায় গঠন হবে। প্রধানমন্ত্রীও এই তহবিলে অংশ নেবেন।’

নিউ সুপার মার্কেটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশেও ডিএসসিসি দাঁড়াবে জানিয়ে মেয়র বলেন, ‘তাদের পাশে দাঁড়ানোর কার্যক্রম চলছে। পাশাপাশি ঘটনাটি তদন্তের জন্য ডিএসসিসি থেকে ৯ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আমরা এ বিষয়ে পদক্ষেপ নেবো।’

ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনায় শঙ্কা প্রকাশ করে মেয়র তাপস বলেন, ‘এখন প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও আগুন লাগছে। এতে আমরা শঙ্কিত।’