রাজধানীতে সড়ক দুর্ঘটনায় চাচাতো ভাই-বোন নিহত

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের উল্টো দিকের সড়কে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী চাচাতো ভাই-বোন নিহত হয়েছেন। নিহতরা হলেন জান্নাতুল ফেরদৌস জান্নাতি (২০) ও শামীম মৃধা (৩৫)।

বৃহস্পতিবার দিনগত রাত (৩০ জুন) দুইটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় তিন জনকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে শুক্রবার ভোর পৌনে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা জান্নাতিকে মৃত ঘোষণা করেন। 

মোটরসাইকেল চালক শামীম মৃধা চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান। মৃত শামীমের ভাগ্নি আহত সাদিয়া (৮) চিকিৎসাধীন রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদ মিয়া। তিনি বলেন, মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট ক্যান্টনমেন্ট থানায় অবগত করা হয়েছে। এ দুর্ঘটনায় আহত সাদিয়া নামে আরও একজন ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।

মৃত জান্নাতির বড় ভাই রাহাত হোসেন বলেন, আমাদের বাসা কুড়িল বিশ্বরোড এলাকায়। চাচাতো বোন শারমিনের মামাশ্বশুরের বাসা ভাষানটেক এলাকায় বেড়াতে যাবে বলে শারমিন ও তার স্বামী এবং সাদিয়া ও জান্নাতি চাচাতো ভাই শামীমসহ মোটরসাইকেলে ভাষানটেক রওনা হয়। পথে দ্রুতগতির একটি প্রাইভেটকার শামীমের মোটরসাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে তিনজনই গুরুতর আহত হয়।

পরে সেখান থেকে তাদেরকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জান্নাতিকে ভোররাতে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় বেলা এগারোটায় শামীমকে কর্তব্যরত চিকিৎসকৃত ঘোষণা করেন।মোটরসাইকেলে ধাক্কা দেওয়া গাড়ির নম্বর প্লেট ও সামনে লাগানো স্টিকার

নিহতের নিকটাত্মীয় তারিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, গাড়িটি সাইফ নবী (২৪) নামে একজন চালাচ্ছিলেন। তাকে আটক করেছে পুলিশ এবং প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। পুলিশের কাছে দাবি করেছেন তিনি মাদকাসক্ত। তার ডোপ টেস্ট করানোর জন্য ঢাকা মেডিক্যালে নেওয়া হয়েছে। এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রভাবশালী ব্যক্তির গাড়ি হওয়ায় মামলা দায়ের এবং বিচার পেতে শঙ্কার কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, গাড়িটিতে বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণ কলাবাগান থানার ১৭ নম্বর ওয়ার্ডের একটি স্টিকার রয়েছে। গাড়ি নম্বর ঢাকা মেট্রো গ ৩১- ৯৫৯৪। গাড়িটির মালিকের পরিচয় প্রাথমিকভাবে নিশ্চিত করা যায়নি।

এ ঘটনা সম্পর্কে জানতে ক্যান্টনমেন্ট থানায় যোগাযোগ করা হলে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।