তথ্য ও পরিসংখ্যান অনুযায়ী ডেঙ্গু নিয়ন্ত্রণে বাংলাদেশ অন্যান্য উন্নত দেশের তুলনায় ভালো অবস্থায় আছে বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।
বুধবার (৫ জুলাই) দুপুরে রাজধানীর হাতিরঝিলে পানি নিষ্কাশন যন্ত্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।
মেয়র তাপস বলেন, ‘ডেঙ্গু নির্মূল কেউ করতে পারবে না। কোনও দেশ করতে পারেনি। আমরা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি। আপনারা যদি উন্নত দেশের সঙ্গে তথ্য ও পরিসংখ্যান মিলিয়ে দেখেন, তাহলে দেখবেন অন্যান্য দেশের তুলনায় এখন পর্যন্ত আমরা ভালো অবস্থানে রয়েছি। যদিও আমাদের মৃত্যুর হার বেড়েছে।’
আবহাওয়া ও জলবায়ুগত কারণে বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বেশি জানিয়ে মেয়র বলেন, ‘আমাদের বুঝতে হবে যে সামগ্রিক জলবায়ু, সামগ্রিক আবহাওয়া ও ভৌগলিক অবস্থান এবং পরিবেশের কারণে আমাদের দেশে এডিস মশার প্রজনন হার বেশি। সেটাকে রোধ করতে হলে সবাই মিলে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
ডেঙ্গুর বাহক এডিস মশার বিস্তৃতিও অন্যান্য দেশের তুলনায় নিয়ন্ত্রণে থাকার দাবি করে তিনি বলেন, ‘যদিও বৃষ্টির পরিমাণ অন্য দেশের তুলনায় বেশি হয়েছে তারপরও আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পেরেছি।’
ডেঙ্গুতে মৃত্যুর বিষয়ে স্বাস্থ্য অধিদফতরকে আরও নজর দেওয়ার পরামর্শ দিয়ে মেয়র বলেন, ‘আমাদের চিকিৎসাসেবার মান-পরিধি আরও বাড়াতে হবে। একজন রোগী যেন শঙ্কাজনক অবস্থায় না যায়, এজন্য আগের যে চিকিৎসাসেবা– সেটা নিশ্চিত করতে হবে। তাহলে মৃত্যুর হার কমাতে পারবো।’
মৌসুমের আগেই ডেঙ্গুর প্রকোপ সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘এখন মৌসুম তুঙ্গে। জুলাই মাস চলে এসেছে। জুলাই থেকে বৃদ্ধিটা শুরু হয়। অগাস্ট মাসে সবচেয়ে তুঙ্গে যায়। সেপ্টেম্বর মাসে কমে আসে। কিন্তু গত বছর আমরা পরিবর্তন দেখেছি। চরিত্রে পরিবর্তন দেখেছি। আগস্ট মাসে কেবল বৃদ্ধি পায়নি, সেপ্টেম্বরে আরও বেশি বেড়েছে। অক্টোবর পর্যন্ত বিস্তৃত হয়েছে। কমা শুরু হয়েছে নভেম্বর গিয়ে। এবার ডেঙ্গু আগেই চলে এসেছে, এটা হওয়ার কথা নয়। আমরা এগুলোকে আমলে নিয়ে কার্যক্রম বিস্তৃত করেছি। ২০২১ সালে আমরা দুই মাসের কার্যক্রম নিয়েছিলাম, এখন চার মাসের কার্যক্রম নিয়েছি। আমরা সক্ষমতা বৃদ্ধি করছি, কার্যক্রমও বৃদ্ধি করছি।’
এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিতি ছিলেন।