পৃথক অভিযানে বাড্ডা ও টঙ্গী থেকে ৬ ছিনতাইকারী আটক

রাজধানীর বাড্ডা ও টঙ্গী পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে ছয় ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। বুধবার (১২ জুলাই) র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (অপস অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ মিয়া এসব তথ্য জানান।

আটক ব্যক্তিরা হলেন– জয় (২২), নূর হোসেন (১৯), রিপন মিয়া (২০), মনির (৩২), রাসেল হোসেন (২৩) ও মো. সুজন (২০)।

র‌্যাবের হেফাজতে আটক ব্যক্তিরা

সহকারী পুলিশ সুপার বলেন, ‘মঙ্গলবার রাতে র‌্যাব-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গাজীপুর মহানগরের টঙ্গী স্টেশন রোডের ট্রাফিক মোড়ের পশ্চিম পাশে ইজতেমা মাঠ সংলগ্ন এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে ছিনতাইকারী চক্রের সদস্যরা অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে জয়, নূর হোসেন ও রিপন মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি চাকু, একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

তিনি বলেন, ‘র‌্যাব-১ এর পৃথক একটি অভিযানে উত্তর বাড্ডার সাতারকুল রোড দাদার বাজার আইডিয়াল ফোম অ্যান্ড হার্ডওয়্যারের সামনে ছিনতাইয়ের উদ্দেশ্যে ছিনতাইকারী চক্রের সদস্যরা অবস্থান করছে বলে জানতে পায় র‌্যাব-১। খবর পেয়ে মনির, রাসেল হোসেন ও মো. সুজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে তিনটি চাকু, দুটি মোবাইল ফোন এবং নগদ এক হাজার ৮০০ টাকা জব্দ করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।