রাজধানীর যাত্রাবাড়ীতে ম্যানহোলে নেমে সাইফুল ও আলামিন নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ জুলাই) যাত্রাবাড়ীর আইডিয়াল স্কুলের পাশে ম্যানহোলে ময়লা পরিষ্কার করতে নামেন তারা। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাসুদ এ তথ্য জানান।
আলামিনের বাসা সায়েদাবাদ ওয়াসার পাশে। তার বাবার নাম আজাদ ইসলাম। নিহত অপরজনের ঠিকানা জানা যায়নি।
সেখানে কাজের তদারকি করা কাইয়ুম বলেন, ‘আমরা চুক্তিতে ওয়াসার কাজ করি। সকালে কাজে যাই ছয় জন। প্রথমে ম্যানহলের ঢাকনা খুলে রাখি দুই ঘণ্টা পরে সাইফুল ভেতরে নামে। সেখানে অচেতন হয়ে পড়লে তাকে উদ্ধার করতে নামে আলামিন। পরে দুজনেই অচেতন হয়ে পড়ে। তাদের উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দুই জনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এএসআই বলেন, ‘মরদেহ দুটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’