রাজধানীর যাত্রাবাড়ী থানার কুতুবখালী এলাকা থেকে দুটি জীবিত তক্ষকসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর একজনকে আটক করেছে যাত্রাবাড়ী থানা-পুলিশ। তার নাম নিউটন চাকমা। বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে যাত্রাবাড়ী এলাকার কুতুবখালী পকেট গেটের চেকপোস্টে তল্লাশির সময় তাকে আটক করা হয়। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, ‘চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় সন্দেহ হয় নিউটনকে। পরে তার কাছ থেকে তক্ষকগুলো উদ্ধার করা হয়। নিউটন পুলিশকে জানিয়েছে, এই তক্ষকগুলো খাগড়াছড়ি থেকে এনে ফরিদপুরের এক ব্যক্তিকে দেওয়ার কথা ছিল।’
ওসি বলেন, ‘দীর্ঘদিন ধরে একটি চক্র বন্যপ্রাণীর অবৈধ ব্যবসা করে আসছিল। নিউটন সেই চক্রের কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। তক্ষকগুলো হস্তান্তর করা হবে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদফতরের কাছে।’
আটক নিউটনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।