বিদেশ যেতে না পেরে ট্রাভেল এজেন্সির মালিককে ‘পিটিয়ে হত্যা’র অভিযোগ

বিদেশে যেতে না পেরে রাজধানীতে এক ট্রাভেল এজেন্সির মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৪ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে কাকরাইল শান্তিনগর প্লাজার এম বাহার ওভারসিসের (ট্রাভেল এজেন্সি) অফিসে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ বাহার (৪৫) ওই এজেন্সির মালিক। এ ঘটনায় অভিযুক্তরাও নিহত বাহারের নিকটাত্মীয়।

রমনা থানার রমনা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শহিদুল উসমান মাসুম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, নিহত বাহার নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার মৃত আলী আহামেদের ছেলে। যাত্রাবাড়ীর কাজলায় বসবাস করতেন এক পুত্র সন্তানের জনক বাহার।

নিহতের স্ত্রী জয়নবের অভিযোগ করে বলেন, বাহার তার এক বন্ধুর কাছ থেকে আমার ছোট বোন ফাতেমার স্বামী জাকিরের জন্য কাতারের ভিসার ব্যবস্থা করে দেয়। আজ তার যাওয়ার কথা ছিল। কিন্তু কোনও এক জটিলতায় তার ফ্লাইট মিস হয়। এ কারণে ফাতেমা, তার স্বামী জাকির এবং আমার ভাই ইউনুস ক্ষিপ্ত হয়ে অফিসে গিয়ে বাহারকে মারধর করে। গলা টিপে ধরে। এতে বাহার অজ্ঞান হয়ে পড়েন। তাকে সেখান থেকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ইসলামিয়া হাসপাতাল, পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর বিকাল ৫টা ২০ মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করেন।’

এসআই শহিদুল উসমান মাসুম বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, মারামারির ঘটনায় তিনি আহত হয়ে মারা গেছেন। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে। মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’