মিরপুরে আন্দোলনরত পোশাককর্মীদের ওপর হামলার অভিযোগ, সড়ক অবরোধ

বেতন-ভাতার বাড়ানোর দাবিতে রাজধানীর মিরপুর ১১ নম্বরে পূরবী সিনেমা হলের কাছে একটি পোশাক কারখানার আন্দোলনরত কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। এ সময় বেশ কয়েকজন পোশাককর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। এরপরই সংক্ষুব্ধ পোশাককর্মীরা কারখানাটিতে হামলা চালিয়েছেন এবং গলি থেকে বের হয়ে মূল সড়কে অবরোধ করেছেন। 

মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। এখনও (দুপুর ১টা পর্যন্ত) আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে রেখেছেন। 

মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ

শ্রমিকদের অভিযোগ, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকরা গত কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন। আজ আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের সংঘর্ষ হয়।

মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ

দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামে পুলিশ। পরবর্তী সময়ে তিন পক্ষের মধ্যেই ধাওয়া-পাল্টা ধাওয়া ও পিকেটিং শুরু হয়।

দুপুরে ডিএমপির পল্লবী থানা নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহফুজুর রহমান মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মিরপুর পল্লবীতে ট্রিপল সেভেন গার্মেন্টসের শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের একটি গ্রুপের সংঘর্ষ হয়েছে। তবে কী নিয়ে এই সংঘর্ষ; তা এখনও জানতে পারিনি।’

মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ

আন্দোলনকারীরা এখনও সড়ক আটকে অবস্থান করছেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের ফোর্স মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে পুলিশ।’