অবরোধের দ্বিতীয় দিন

রাজধানীর মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ-বিজিবি-র‍্যাব

বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন চলছে আজ। অবরোধের প্রথম দিন মঙ্গলবার (৩১ অক্টোবর) রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে অগ্নিসংযোগসহ হতাহতের মতো ঘটনা ঘটেছে। এ সব ঘটনায় সাধারণ মানুষের মাঝে সৃষ্টি হয়েছে আতঙ্ক। নগরবাসীর জান-মাল নিয়ন্ত্রণে, যে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আজও সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বুধবার (১ নভেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নগরের গুরুত্বপূর্ণ স্থান, বাসস্ট্যান্ড, রেল স্টেশন, বিমানবন্দরসহ মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি সড়কে টহল দিতে দেখা গেছে র‍্যাব, বিজিবিকে। মাঠে রয়েছে আনসার, গোয়েন্দা টিমও। এছাড়া রাজধানীর প্রবেশমুখে মহাসড়কে বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছেন আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট।

র‍্যাব জানিয়েছে, যে কোনও পরিস্থিতি মোকাবিলায় র‍্যাবের স্পেশাল টিম ও স্ট্রাইকিং ফোর্স রিজার্ভ রাখা হয়েছে। নাশকতা ও সহিংসতা প্রতিরোধে দেশব্যাপী সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে র‍্যাব।

এরই মধ্যে দেশের সব ব্যাটেলিয়ানকে গোয়েন্দা নজরদারির পাশাপাশি টহল জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তা বাড়ানোর জন্য রাজধানীতে বিপুল পরিমাণ আনসার মোতায়েন করা হয়েছে। রেল স্টেশন, বাসস্ট্যান্ড, লঞ্চ ঘাট, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনগুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করছে তারা।

এ প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেন, ‘অবরোধের নামে যে আন্দোলন চলছে, সেটি মূলত সাধারণ মানুষকে কষ্ট দেওয়ার জন্য। অবরোধের নামে চলাফেরায় বাধা সৃষ্টি করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে পুলিশ বসে থাকতে পারে না। জনগণের নিরাপত্তার জন্য যা যা করা দরকার সবকিছুই করা হচ্ছে। পুলিশ শুধু সকাল থেকে সন্ধ্যা নয়, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করে যাচ্ছে।’

রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক নিরাপত্তা নিয়ে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ. মহিদ উদ্দিন বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজও পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের টহল দলসহ বিভিন্ন ইউনিট কাজ করছে। রাজধানীর প্রবেশমুখ, গুরুত্বপূর্ণ স্থানসহ বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশের কড়া নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে।’