এজাহারভুক্ত আসামিদের সামনে দুটি পথ খোলা আছে: ডিবির হারুন

বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ২৮ অক্টোবরের সহিংসতার ঘটনায় বিভিন্ন মামলায় যারা এজাহারভুক্ত আসামি তাদের সামনে দুটি পথ খোলা আছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, ‘এজাহারভুক্ত আসামিদের হয়আদালতে হাজির হতে হবে, নয়তো আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেফতার করবে।’

বুধবার (১ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘যাদের বিরুদ্ধে মামলা থাকবে তাদের আইনের আওতায় আনা আমাদের রুটিন কাজ।’

মহানগর গোয়েন্দা প্রধান বলেন, ‘আমরা পুলিশ সদস্যরা জনগণকে সেবা দেই। সেই পুলিশ সদস্যকে তারা কুপিয়ে হত্যা করেছে। প্রায় ১শ’র মতো পুলিশ সদস্য মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এসব ঘটনায় যাদের নামে মামলা হয়েছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। যারা আমাদের পুলিশের গায়ে হাত দিয়েছে, পুলিশের স্থাপনা ভাঙচুর করেছে, যারা মামলার আসামি তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।’

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফীর ২৮ অক্টোবর বিএনপির দলীয় কার্যালয়ে হাজিরের ঘটনায় পল্টন থানার মামলায় গ্রেফতার সাবেক সেনা কর্মকর্তা লে. জেনারেল হাসান সারওয়ার্দীর ১০ দিনের রিমান্ডে চাওয়া হবে বলেও জানান হারুন।