বিএনপি-জামায়াতের ডাকা পঞ্চম দফার অবরোধের প্রথম দিন রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে থেকে সন্দেহভাজন তিন জনকে আটক করেছে পল্টন মডেল থানা-পুলিশ। বুধবার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে তাদের আটক করা হয়।
পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন মিয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘অবরোধের সমর্থনে বিএনপির কিছু সমর্থক পার্টি অফিসের সামনে এসে বিক্ষোভ করছিলেন। ধারণা করা হচ্ছে, তারা নাশকতার উদ্দেশ্যে সেখানে জড়ো হন। পরে সেখান থেকে তাদের ছত্রভঙ্গ করা হয় এবং তিন জনকে আটক করা হয়েছে।’
ওসি বলেন, ‘তাদের সঠিক পরিচয় এখনও জানা যায়নি। এখন জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসবাদ শেষে বিস্তারিত জানানো যাবে।’