রাজধানীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো কিশোরের

রাজধানীর ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় মো. বিল্লাল হোসেন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (২৪ মে) সন্ধ্যায় ৩০০ ফিট আইসিসিবি কনভেনশন সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে বিল্লাল মারা যায়।

নিহত বিল্লাল সম্প্রতি মহাখালীর একটি মাদ্রাসা থেকে হাফেজি পড়া শেষ করেছিলেন।

নিহতের ভাই মারুফ জানিয়েছেন, সন্ধ্যার দিকে এলাকার কয়েক জন বন্ধুর সঙ্গে ৩০০ ফিট আইসিসিবি কনভেনশন সেন্টারে যাচ্ছিল বিল্লাল। সে সময় রাস্তা পারাপার হওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।

পরে বন্ধুরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়ে যান। পরে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১০টায় তার মৃত্যু হয়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি জানান, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

জানা গেছে, বিল্লাল কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বামুটিয়া মহিচাইল গ্রামের ওমান প্রবাসী খুরশিদ আলমের ছেলে। তিন ভাইয়ের মধ্যে সে ছিল বড়। বর্তমানে  মহাখালী আমতলী এলাকায় পরিবারের সঙ্গে থাকতো।