মিরপুরে অস্ত্রাগারে ‘মিস ফায়ারে’ আহত পুলিশ সদস্যের মৃত্যু

রাজধানীর মিরপুর পুলিশ লাইনসের অস্ত্রাগারে মিস ফায়ারে (ভুলবশত গুলি) আহত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলামিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (১৪ আগস্ট) বিকালে রাজারবাগ পুলিশ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত আলামিন লালমনিরহাটের তিস্তা উপজেলার গোকুন্ডা কাচারীপাড়া গ্রামের মৃত বক্তার আলীর ছেলে। তিনি দারুস সালাম থানায় কর্মরত ছিলেন।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে ঢামেক হাসপাতালে আলামিনে ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এর আগে সোমবার (১২ আগস্ট) বিকালে পুলিশ লাইনসে দারুস সালাম থানার অস্ত্র যাচাই-বাছাই করার সময় মো. আলামিন (৩০) ও ইয়াসিন আলী (২৮) নামে দুই পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। সে সময় তারা দারুস সালাম থানার কার্যক্রম চালু কারার জন্য মিরপুর-১৪ পিওএম পুলিশ লাইনের অস্ত্রাগার থেকে আগ্নেয় অস্ত্র আনতে গিয়েছিলেন। সেখানে অস্ত্র পরীক্ষা করার সময় পিস্তলের ভেতরে আগে থেকে থাকা গুলি বেরিয়ে তারা আহত হন। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।