রাজধানীর নীলক্ষেত এলাকা থেকে হুইস্কি ও বিয়ারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির নিউমার্কেট থানা-পুলিশ। বুধবার (২৫ সেপ্টেম্বর) তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলো– মো. ইমরান হোসেন রাজ ও মো. বশির। তাদের কাছ থেকে দুই বোতল হুইস্কি, ৪৯ ক্যান বিয়ার ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি স্কুটিও জব্দ করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, ‘মঙ্গলবার দিবাগত রাতে নিউমার্কেট ক্রসিংয়ে সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে চেকপোস্টে ডিউটি করছিল থানার একটি টিম। ভোরের দিকে নীলক্ষেত ইসলামিয়া বই মার্কেট বণিক সমিতি লিমিটেডের সামনে একটি স্কুটিকে সন্দেহ হলে থামার সংকেত দেওয়া হয়। তারা না থেমে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ওই দুই জনকে আটক করা হয়। স্কুটিতে থাকা একটি বস্তা তল্লাশি করে দুই বোতল হুইস্কি ও ৪৯ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে।’
গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘গ্রেফতার ব্যক্তিরা ওই মাদক বিক্রির জন্য বহন করছিল। তারা দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।’