ট্রাফিক আইন লঙ্ঘন: একদিনে ৯৬২ মামলা, জরিমানা ৩৯ লাখ

রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৯৬২টি মামলা হয়েছে। এছাড়া ৩৮ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা জরিমানা এবং ৮৩টি গাড়ি ডাম্পিং করা হয়।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘সড়কে শৃঙ্খলা ফেরাতে রাত-দিন কাজ করছে ট্রাফিক পুলিশ সদস্যরা। মঙ্গলবার দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৯৬২টি মামলা ও ৩৮ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।’

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘অভিযানকালে ৮৩টি গাড়ি ডাম্পিং, ৬৪টি গাড়ি রেকার করা হয়েছে। জরিমানা করা টাকার মধ্যে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের কাছ থেকে জরিমানা আদায় করা হয় ৯ লাখ ২৫ হাজার ২৫০ টাকা।’

সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

এর আগে সোমবার (২৩ সেপ্টেম্বর) ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ৭৭৬টি মামলা হয়। এছাড়া জরিমানা করা হয় ৩৫ লাখ ৬ হাজার ৫০০ টাকা। ওইদিন ৬০টি গাড়ি ডাম্পিং ও ৪০টি গাড়ি রেকার করা হয়। তার আগে ২২ সেপ্টেম্বর ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ৮৭০টি মামলা, ৩৫ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। ৬৪টি গাড়ি ডাম্পিং এবং রেকার করা হয় ৬০টি গাড়ি। গত ২১ সেপ্টেম্বর ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ৭৩৪টি মামলা ও ৩০ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া ৬৪টি গাড়ি ডাম্পিং এবং ৩৫টি গাড়ি রেকার করা হয়েছে।

গত ১৭ সেপ্টেম্বর রাজধানীতে এই অভিযান শুরু হয়।