তেজগাঁওয়ে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

রাজধানীর তেজগাঁওয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত যুবক মো. ইমরান হোসেন (২০) মারা গেছেন। সোমবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।

ইমরান বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাদিরাবাদ গ্রামের মোহাম্মদ আলী হোসেনের ছেলে। বর্তমানে কাজীপাড়া গার্ডেন রোডে চৌধুরী ম্যাচে পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন। চার ভাই, দুই বোনের মধ্যে তিনি ছিলেন ছোট।

এর আগে শনিবার (১৯ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে তেজগাঁও কাজীপাড়া গার্ডেন রোড ১৭ নম্বর গলির পাশে তাকে ছুরিকাঘাত করা হয়।

নিহতের বড় ভাই মিজান মিয়া বলেন, ‘তেজগাঁও কাজিপাড়া এলাকায় মোবারক হোসেন বাদশা (২৩) নামে একজনের সঙ্গে তার বন্ধুত্ব হয়। ইমরানের কাছ থেকে কিছু টাকা ধার নেয় বাদশা। এ নিয়ে শনিবার দিবাগত রাতে বাদশা ও ইমরানের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ইমরানের পিঠের নিচে ছুরিকাঘাত করে পালিয়ে যায় বাদশা। পরে ইমরানকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হলো।’

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, ‘মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।’