খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যুর অভিযোগ

রাজধানীর সবুজবাগে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে মরিয়ম (৮) নামের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। সে স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। রবিবার (১৭ নভেম্বর) বিকালে এ দুর্ঘটনা ঘটে। শিশুটির বাবা মাসুদ খান এ তথ্য জানান।

মরিয়ম পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নওমালা গ্রামের মাসুদ খাঁন ও লিপি বেগমের মেয়ে। সবুজবাগের পশ্চিম রাজারবাগের বাগপাড়া পরিবারের সঙ্গে ভাড়াবাসায় থাকতো। 

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফুল জানান, রবিবার রাতে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে মরিয়মের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মাসুদ খান জানান, রবিবার বিকালে বাসার বাথরুমে ভেন্টিলেটর ও কাপড় রাখার হ্যাঙ্গারের সাথে ওড়না দিয়ে দোলনা বানিয়ে খেলা করছিলো মরিয়ম। এ সময়ে একপাশ খুলে গিয়ে তার গলায় প্যাচ লেগে যায়। বিষয়টি তখন বুঝতে পারেনি তার মা। কিছুক্ষণ পর বাথরুমে গিয়ে ডাকাডাকি করে কোনও সাড়াশব্দ না পেয়ে, দরজা ভেঙ্গে ভিতরে দেখতে পান গলায় ওড়না পেঁচানো অবস্থায় পড়ে আছে। পরে তাকে দ্রুত উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।