রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ড প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণসংযোগ করেছে ফায়ার সার্ভিস। শনিবার (১৪ ডিসেম্বর) কড়াইল বস্তির এরশাদ মাঠ থেকে এই কার্যক্রম শুরু করা হয়।
গণসংযোগকালে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন, সহকারী পরিচালক মো. আনোয়ারুল হক, ঢাকার বিভিন্ন জোনের জোন প্রধান এবং অন্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। তারা এরশাদ মাঠে উপস্থিত হয়ে বস্তিতে বসবাসকারী লোকজনকে অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ে সচেতন করেন। ফায়ার সার্ভিস আগুন নেভাতে এলে কীভাবে সহযোগিতা করতে হবে সে সম্পর্কে প্রশিক্ষণ দেন। এরপর কর্মকর্তা-কর্মচারীরা ১০টি টিমে ভাগ হয়ে বিভিন্ন গলিতে গমন করেন এবং বসবাসকারীদের অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ে বর্ণনা করেন।
এ সময় সবাইকে ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ সম্পর্কে জানানো হয়। পরবর্তী সময়ে বস্তিবাসীদের এরশাদ মাঠে পুনরায় একত্র করে গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে কীভাবে নেভাতে হবে, সে বিষয়ে মহড়া প্রদর্শন করা হয়।
উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন বলেন, ‘ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রতি শনিবার নিয়মিতভাবে গণসংযোগ কার্যক্রম চালানো হয়। তবে শুধু শীতকালকে সামনে রেখে আমরা ব্যাপকভাবে এই কার্যক্রম পরিচালনা করছি। মানুষের মধ্যে অগ্নিদুর্ঘটনা বিষয়ে সচেতনতা বাড়াতে এবং দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনতে আমরা এ কার্যক্রম পরিচালনা করছি।’