হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ হাজার ৫৮৮ পিস ইয়াবাসহ মো. পলাশ (২৮) নামে একজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বুধবার (১৮ ডিসেম্বর) বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(খ) ধারায় মামলা হয়।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার এডিশনাল ডিআইজি সিহাব কায়সার খান এ তথ্য জানান।
এপিবিএন জানায়, সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যার দিকে নভোএয়ারের একটি ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পরিবহনকালে গোপন সংবাদের ভিত্তিতে মো. পলাশকে আভ্যন্তরীণ টার্মিনাল এলাকা থেকে আটক করা হয়। তাকে এএপি অফিসে নিয়ে আসা হলে সে পাকস্থলীতে সুকৌশলে ইয়াবা পরিবহন করছে বলে নিশ্চিত করে। পরে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে পায়ুপথ দিয়ে কসটেপ মোড়ানো ৭৮ পোটলা ইয়াবা ট্যাবলেট বের করা হয়। সেখানে মোট ৩ হাজার ৫৮৮টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। মো. পলাশ দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও পরিবহনের সঙ্গে যুক্ত।
এর আগে, গত ৮ নভেম্বর একই উপায়ে মাদক পরিবহন করতে গিয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশের হাতে ৩ হাজার ৮০ পিস ইয়াবাসহ আটক হয় জুয়েল মিয়া (৩৩) নামে আরেক মাদক ব্যবসায়ী।
এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার এডিশনাল ডিআইজি সিহাব কায়সার খান বলেন, ‘মাদক ব্যবসায়ীদের মধ্যে বিমানবন্দর ব্যবহার করে মাদক পরিবহনের অপচেষ্টা লক্ষ করা যাচ্ছে। আমরা বিমানবন্দর ব্যবহার করে যেকোনও অপরাধ চেষ্টা রুখে দিতে কাজ করছি।’